চুয়েটের প্রাক্তন শিক্ষার্থী তামিম হত্যার বিচারের দাবিতে চুয়েট প্রশাসনের মানববন্ধন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)-এর ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের '০৯ ব্যাচের সাবেক ছাত্র প্রকৌশলী তানজিল জাহান ইসলাম (তামিম)-কে হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িতদের গ্রেফতারপূর্বক আইনানুগ শাস্তির দাবিতে
চুয়েট প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ (উপাচার্যের কার্যালয়) এর সামনে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চুয়েটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপাচার্যের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল মহোদয়, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, চুয়েট কর্মচার্রী সমিতির সভাপতি মো: জামাল উদ্দীন, ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ছাত্র মাহফুজুর রহমান মোহাব্বত। সঞ্চালনা করেন চুয়েটের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্যের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল মহোদয় বলেন, ”চুয়েটের প্রাক্তন ছাত্র তানজিল জাহান ইসলাম তামিমের হত্যা চোখের সামনে ঘটে যাওয়া একটি নির্মম অপরাধ। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে চুয়েট পরিবারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং হত্যায় জড়িতদের গ্রেফতারপূর্বক আইনানুগ শাস্তির দাবি জানাই যাতে ভবিষ্যতে চুয়েট পরিবারের কারো সাথে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”







